বুধবার, ১৫ জুন, ২০১৬

বাঁধ ভাঙ্গা জোৎস্না রাতে

কোন একদিন বাঁধ ভাঙ্গা জোৎস্নার আলোর রাতে ঘর থেকে একাকী বেরিয়ে পরবো, জোৎস্নার
দিক মুখ করে হাটতে হাটতে দূরে কোথাও নিরুদ্দেশ হয়ে যাবো। প্রিয় মানুসগুলো জানতে পারবেনা আমি কোথায় আছি।

বুধবার, ৮ জুন, ২০১৬

সেই সুর,সেই বানি

ছোটবেলাকার কথা।খুব ভোরবেলা মা'র কোরানশরীফ পড়ার শব্দ শুনে আমার ঘুম ভেঙ্গে যেতো।মা ষখন সূরা আ'রহমান এবং সূরা ইয়াসিন সুর করে পড়তো, আমি তখন কান পেতে শুনতাম সেই বানি। প্রায় পন্চাশ বছর পর, আজো মা'র সেই কোরানশরীফ পড়ার শব্দ মর্মরধ্বনির মতো কানে বাজে। আমি আজো শুনিতে পাই. "......রাব্বেকুমা তুকাজ্জিবান....."

রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬

মা'র হাতের ঝাল পিঠা

শীত আসলেই মা'র কথা বেশী করে মনে পড়ে। ছোটবেলার গ্রামের পিঠা খাওয়ার কথা বড়ো বেশী মনে পড়ে। বিশেষ করে মা'র হাতের ঝাল পোড়া পিঠা,দইলা পিঠা,ঝাল চেতো পিঠা'র কথা।এগুলো সব গ্রামের পিঠা। শহরে আমার স্ত্রী এগুলো করতে পারেনা। মা মরে যাবার পর এইসব পিঠাগুলো আর খাওয়া হয়না।

'কালের কপোলতলে'র অশ্রুজল

মা মারা গিয়েছেন তাও তিন বছর হয়ে গেছে। মা কিংবা প্রিয়জন যেই মারা যাক না কেন,মানুষ আস্তে আস্তে তাদেরকে ভুলে যায়। কিন্তু আমার বেলায় হয়েছে উল্টো। দিন যতো যাচছে মা'র কথা যেন আরো বেশী মনে পড়ছে। প্রায়শঃ মা'র কথা মনে পড়ে চোখের জলে ভরে যায়। কি যে আর্তি,কি যে বুকে ব্যাথা,তা বোঝাতে পারি না কাওকেই । মন চায় যদি আর একটিবার মা আমাদের মাঝে ফিরে আসতো !
মা এমনই 'কালের কপোলতলে'র অশ্রুজল হয়ে হারিয়ে গেছে যে, সেখান থেকে আর কখনোই ফিরে আসবে না।

বেঁচে থাকতে চাই

আমি সিগারেট খেতাম খুব সৌখিনভাবে । সারাদিনে ৫/৬ টা স্টীক। হা্র্ট এ্যাটাকের পর থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আামার অনেক দিনের এক পুরানো বন্ধু ,যার সাথে দীর্ঘ ৩৩ বছর সিগারেট খেয়েছি, সে আমাকে একদিন সিগারেট অফার করলো, আমি তাকে না বললাম।।কারন এই অসম্ভব সুন্দর পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই।বন্ধুটি বললো,তুমি কি আর কোনদিনই সিগারেট খাবেনা? আমি বললাম, খাবো কোনো একদিন থেকে। যদি কখনো আমার আগে আমার স্ত্রী মারা যায় সেইদিন থেকে। কারন, আমাকে যে বেঁচে থাকতে হবে।

আমি তার হাত ধরেছিলাম

আজ থেকে ত্রিশ বছর আগে আমি তার হাত ধরেছিলাম। এমনি কোন এক মায়াবি ক্ষনে।বাহিরে ছিলো আজকের মতো এমনি শীতের রোদ্দুর। সেই থেকে দুজন অবিরাম পথ চলেছি। যেন " ,,পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।..." 
মনটা কেমন যেন ব্যকুল হয়, কেমন যেন ভয় হয, ঈশ্বর যে কোন একজনের হাত ছেড়ে নিয়ে যাবে নাতো ? অসীম শূণ্যতা আর প্রতিদিন ঘরহীন ঘরের একাকিত্ত আমরা কেউই চাইনা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

শামিম আলম দীপেন

শামিম আলম দীপেন। আজ আপনার জন্ম দিন।আজ থেকে পঞ্চান্ন বছর আগে এই দিনে আপনি পৃথিবীতে এসেছিলেন। জানিনা সেদিন হেমন্তের আকাশ কেমন ছিল। জানিনা কখন কোন্ মায়াময় ক্ষনে আপনি প্রথম কান্না করেছিলেন। হয়তো আকাশ ছিল শুভ্র মেঘে ঢাকা, নয়তো পাতায় পাতায় ছিল পূর্ণিমার রাত। আপনার জীবন এখন বরেন্য,বর্নাঢ্য। কার্ভিকের নবান্নের মতো সুবাসিত। আপনার জীবনের কোন অপূর্নতা নাই। তবুও ---
রবি ঠাকুরের কবিতার দুটো চরন দিয়ে আজকের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
“…জীবনে যত পূজ হল না সারা , জানি হে জানি তাও হয় নি হারা।
জীবনে আজো যাহা রয়েছে পিছে ,জানি হে জানি তাও হয় নি মিছে।…”